মিরসরাইয়ে এসএসসি ’৯১ ব্যাচের ঈদ পুনর্মিলনী

দিনব্যাপী অনুষ্ঠানে ফটোসেশন, কেক কাটা, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Location :

Mirsharai

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) দিনব্যাপী উপজেলার আরশিনগর ফিউচার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪০০ জন বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

সকালের শুরু থেকেই আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। স্মৃতিচারণ পর্বে স্কুলজীবনের নানা ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরেন তারা।

দিনব্যাপী অনুষ্ঠানে ফটোসেশন, কেক কাটা, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মেজবাউল আলম মানিক, সদস্য সচিব তপন ধুম, সমন্বয়ক শাহিনুল ইসলাম স্বপন, নিজাম উদ্দিন কমিশনার, মাঈন উদ্দিনসহ এসএসসি ’৯১ ব্যাচের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী বলেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বন্ধুদের একত্রিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই বন্ধু হিসেবে মিলিত হয়েছেন। তিনি বলেন, এসএসসি ’৯১ ব্যাচ শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের সহযোগিতা এবং পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মেজবাউল আলম মানিক বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এত সংখ্যক বন্ধুকে একসাথে পেয়ে তিনি শৈশব-কৈশোরের স্মৃতিতে ফিরে গেছেন। বন্ধুদের পারস্পরিক সহযোগিতা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমই এ ব্যাচের অন্যতম লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

সদস্য সচিব তপন ধুম বলেন, ব্যস্ত জীবনের নানা সীমাবদ্ধতার মধ্যেও এ ধরনের আয়োজন পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।