নাটোরের লালপুরে সরকারি জমি দখল করে নির্মিত একটি মার্কেট ভবন উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন জমিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদকৃত ভবনটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহক আলীর নির্মিত বলে জানা গেছে। অভিযানে ভবনটির ছয়টি দোকান উচ্ছেদ করা হয় এবং পুরো একতলা মার্কেটটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসাহক আলী আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ২০১৬ সালে পরিষদ চত্বরে সম্মুখভাগের সরকারি জমিতে ছয় কক্ষবিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করে তা ভাড়া দেন। সে সময় তিনি জমিটি ৯৯ বছরের জন্য লিজ নেয়া হয়েছে বলে প্রচার করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জমিটি সরকারি হওয়ায় সেখানে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন। এ সময় জেলা প্রশাসন নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



