ত্রিশালে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

বাড়ির পাশেই মাছ ধরার পর শরীরের কাদা ধোয়ার জন্য দুই ভাই পুকুরে নামে। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়।

Location :

Trishal
পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু |প্রতীকী ছবি

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই মাছ ধরার পর শরীরের কাদা ধোয়ার জন্য দুই ভাই পুকুরে নামে। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়।

পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সাকিব জানান, দুপুরে তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। তবে ততক্ষণে দুই ভাইয়েরই মৃত্যু হয়েছিল।

শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।