নরসিংদীর পাঁচটি আসনের ৬৬৩ ভোটকেন্দ্রে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শান্তিপূর্ণ ভোট গ্রহণে জেলার পাঁচটি আসনের ৬৬৩ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী এলাকার পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩০৪ জন, নারী ভোটার নয় লাখ ৭০ জন হাজার ৯৮৭ জন এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ৩৬ জন।
মোট পাঁচটি সংসদীয় আসনে নরসিংদী সদরে আটজন, পলাশে ছয়জন, শিবপুরে আটজন, মনোহরদী-বেলাবতে নয়জন এবং রায়পুরায় ১০ জনসহ মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



