চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মী ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন মেয়র ডা: শাহাদাত হোসেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্যও একইভাবে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।

মেয়র ডা: শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে।’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।