সিলেটের কোম্পানীগঞ্জে পাথর লুটের অভিযোগে এক ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তার নাম দুলাল মিয়া। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের টানা ৩ বারের সদস্য।
ভোলাগঞ্জ রোপওয়ের পাথর লুটপাটের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৪ জুলাই এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডেব সদস্য মো: দুলাল মিয়া দুলা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে মো: দুলাল মিয়া দুলাকে তার ওয়ার্ড সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ওয়ার্ড সদস্য মো: দুলাল মিয়া দুলালের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটের বিষয়ে অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সিলেটের জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এতে আরো উল্লেখ করা হয় মো: দুলাল মিয়া দুলার বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, দুলাল মিয়া দুলার বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) পাথর লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে।
উল্লেখ্য, ১৪ জুলাই বরখাস্ত হলেও বিষয়টি আড়ালে রয়ে যায়। সোমবার (২৮ জুলাই) জানাজানি হওয়ায় বিষয়টি জনসম্মুখে আসে।



