সিলেটে আরো ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো নয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা |ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো নয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। তবে একই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত নয়জনের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২২৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ হবিগঞ্জে ১০৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৫০ জন, সিলেটে ৪১ জন, মৌলভীবাজারে ২১ জন ও অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া আটজন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে।