বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিছন্নতার অভিযান শুরু করেছেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ।
বুধবার (২৫ মার্চ) সকালে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযান শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নীলরতন সরকার, পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু সালেহ জসিম, সহ-সভাপতি জামাল হোসেন, সাংবাদিক সুমন মোল্লা, তাওহিদুল ইসলাম শুভ, মাহমুদুল হাসান রনিসহ স্বোচ্ছাসেবী কর্মীরা।
বদিউজ্জামান সাহেদ বলেন, ‘ডেঙ্গুর জন্য বরগুনা জেলাকে একাধিকবার হটস্পট ঘোষণা করা হয়েছে। এতে পাথরঘাটায় অনেকেই মৃত্যুবরণ করেছেন। এ বছর প্রধানমন্ত্রী কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আগে থেকেই চলমান রাখার জন্য ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা এ অভিযান শুরু করেছি। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পেছনের পরিত্যক্ত অংশ পরিষ্কার করেছি। আমরা এই ধারাবাহিকতা যদি নিজেদের বাসা বাড়িতে প্রয়োগ করি তবে মানুষ এ ডেঙ্গু রোগের মৃত্যু থেকে রেহাই পাবে। ’
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নীলরতন সরকার বলেন, ‘পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত অংশে জমে থাকা ময়লা পরিষ্কার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী যেরকম নির্দেশনা দিয়েছেন সেরকমই পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছেন বদিউজ্জামান সাহেদ। এর আগেও পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং পরিছন্নতার স্বার্থে সচেতনতামূলক কার্যক্রমে তার ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সঙ্কট থাকার কারণে এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করার কোনো লোক নেই। পৌরসভা থেকে এগুলো করার কথা থাকলেও তারা করছেন না।’
স্বেচ্ছায় যদি পাথরঘাটা মানুষ এগিয়ে আসে তবে পাথরঘাটাকে ডেঙ্গুমুক্ত করা যাবে বলেও জানান তিনি।



