ডুয়েটে গবেষণা উৎকর্ষ ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক গবেষণা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে উদ্বুদ্ধ করতে ‘রিসার্চ অ্যাক্সেলেন্স, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড হায়ার এডুকেশন: পাথওয়েজ টু গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ডুয়েটে গবেষণা উৎকর্ষ ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা নিয়ে সেমিনার
ডুয়েটে গবেষণা উৎকর্ষ ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা নিয়ে সেমিনার |নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক গবেষণা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে উদ্বুদ্ধ করতে ‘রিসার্চ অ্যাক্সেলেন্স, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড হায়ার এডুকেশন: পাথওয়েজ টু গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব (ডুয়েট সিআরসি)। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর ও রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডুয়েট সিআরসির সভাপতি হাসানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্বায়নের এই সময়ে শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। ডুয়েট প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্পন্ন প্রকৌশলী তৈরি এবং গবেষণা ও উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় কাজ করছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন ডুয়েটে গবেষণার সংস্কৃতি বিকাশ এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো শক্তিশালী অবস্থানে নিতে সহায়ক হবে।

প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ জোরদারের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক গবেষণার সুযোগ কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় কাজ করছে। অধ্যাপক ড. সাইদুর রহমানের অভিজ্ঞতা শিক্ষার্থী ও গবেষকদের জন্য মূল্যবান দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।’

মূল প্রবন্ধে অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণা উৎকর্ষ অর্জনে আন্তর্জাতিক নেটওয়ার্কিং, যৌথ গবেষণা প্রকল্প এবং বৈশ্বিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা বৃত্তির সুযোগ কাজে লাগানোর বিভিন্ন কৌশল ও প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

সেমিনারের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান বলেন, মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও গবেষকদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা বৃত্তি বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল বক্তা অধ্যাপক ড. সাইদুর রহমান। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।