সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ওসমানী বিমানবন্দরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটি উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের লক্ষ্য, এ অবদানকে ৫০ শতাংশে উন্নীত করা।
তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সঙ্কট বিবেচনায় অধিক জ্বালানি-নির্ভর শিল্পের বদলে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হচ্ছে।
শিল্প খাতের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের টেকসই সমাধানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দেশে দৈনিক সাড়ে তিন থেকে চার ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার সম্ভব, যা স্টোরেজ সুবিধার মাধ্যমে সন্ধ্যার পিক আওয়ারেও বিদ্যুতের চাহিদা মেটাতে পারে।
তিনি বলেন, সরকার গৃহীত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতের বিদ্যুৎ সঙ্কট অনেকাংশেই কেটে যাবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্লটগুলোতে গ্যাস ও বিকল্প জ্বালানি হিসেবে রাইস হাস্ক (ধানের তুষ) ও কয়লা ব্যবহারের রূপরেখা তৈরি করা হচ্ছে।
মন্ত্রী বলেন, নতুন চালু হওয়া এ কেন্দ্রে সিলেটে উৎপাদিত ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির সুবিধা থাকবে, যা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বিশ্বব্যাপী প্রচার ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মো: বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।



