পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘ভাঙনকবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও বসতি রক্ষা করা। আগামী বর্ষা মৌসুমে শরীয়তপুরের একটি ঘরও যেন নদীগর্ভে বিলীন না হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করছে।’
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘পদ্মার ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে।’
তিনি বলেন, ‘অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিচ্ছে। এরই ধারাবাহিকতায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হচ্ছে।’
এসময় ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
পরিদর্শনকালে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।



