মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর জুনায়েদ (১৪) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দু’জন হলেন— উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের ছুরত আলী ওরফে ছুরুক আলীর ছেলে মো: মারুফ (২৪) ও একই ইউনিয়নের বাদে আলীশা এলাকার তোরাব মিয়ার ছেলে মো: জুয়েল মিয়া (২৭)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৩১ মার্চ) ভূনবীর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইলফোনের সিম উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শ্রীমঙ্গল থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে তদন্তের স্বার্থে মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে আলিশারকুলের কামারপাড়া এলাকা থেকে কিশোর জুনায়েদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়।
নিহত জুনায়েদ আলীশারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।



