জামায়াত আমিরের বরিশাল সফর শুক্রবার

ভাষণ দেবেন ৪টি নির্বাচনী জনসভায়

শুক্রবার সকাল ১০টায় জামায়াত আমির ডা: শফিকুর রহমান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালের চার জেলায় আসছেন জামায়াত আমির
বরিশালের চার জেলায় আসছেন জামায়াত আমির |নয়া দিগন্ত গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগ সফর করবেন। এ সময় তিনি বিভাগের ছয় জেলার মধ্যে চার জেলার মোট চারটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার সকাল ১০টায় জামায়াত আমির ডা: শফিকুর রহমান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী হিসেবে ১১ দলীয় জোটের সমর্থন নিয়ে নির্বাচন করছেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর জানিয়েছেন, বেলা ১১টায় জামায়াত আমির ডা: শফিকুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ডা: শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো: হাফিজুর রহমান।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রার্থী ড. ফয়জুল হক ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থনে ভোট চাইবেন জামায়াতের আমির।

দুপুর ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা: শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ।

এই জেলার দু’টি আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী।

বরিশাল অঞ্চল জামায়াতে ইসলামীর টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী বলেন, জামায়াত আমিরের এই সফরকে ঘিরে উজ্জীবিত বরিশাল বিভাগের জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা।