প্রবাসী বাংলাদেশীদের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনবিষয়ক সচেতনতা বাড়াতে এক ফুটসাল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম, মালদ্বীপ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১২টার দিকে মালদ্বীপের রাজধানী মালের ফুটসাল গ্রাউন্ডে আয়োজিত ওই ম্যাচটি শেষ হয় মধ্যরাতে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করে বিদেশে থেকে ভোট দিতে পারবেন। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় তারা খুবই খুশি ও আনন্দিত।
আর প্রবাসী বাংলাদেশীদের একত্র করে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনবিষয়ক সচেতনতা বাড়াতে ওই ফুটসাল ম্যাচের আয়োজন করা হয়।
রাজধানী মালের মহানগর পূর্ব ও মহানগর পশ্চিমে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যকার ওই প্রীতি ফুটসাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ওই ম্যাচে দলনেতা বেলায়েত হোসেনের নৈপুণ্যে ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে মহানগর পশ্চিম দল। আর দলনেতা বাবু মিয়া মুন্সীর নেতৃত্বে মহানগর পূর্ব দল হয় রানার্সআপ। এ দিন খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ এবং পাল্টা আক্রমণে মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রবাসী দর্শকদের করতালি আর উৎসাহে মুখরিত ছিল পুরো ফুটসাল মাঠে।
মাঠে আসা প্রবাসীরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ফোরাম, মালদ্বীপের মতো অন্য সংগঠনও নিয়মিতভাবে প্রবাসীদের জন্য এমন খেলাধুলার আয়োজন করবে। পাশাপাশি প্রবাসীদের জন্য ক্রীড়া বিনোদনের সুযোগ বাড়াতে বাংলাদেশ হাই কমিশনের প্রতিও আহ্বান জানান তারা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘খেলাধুলা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন অনৈতিক ও সামাজিক অপকর্ম থেকে দূরে থাকতে সহায়তা করে।’
এছাড়াও তিনি মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের নাগরিক অধিকার রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করার আহ্বান জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক ড. ইসমাঈল হারুন বান্না, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর সবুর, সহকারী অফিস সম্পাদক মিজানুর রহমান ও প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদারসহ কেন্দ্রীয় নেতাকর্মী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রবাসীরা।



