রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ১৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিক্রি করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার মোহনগঞ্জ বাজারের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সঙ্কট নিরসনে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে মোহনগঞ্জ বাজারের একটি দোকান থেকে অবৈধভাবে মজুদ রাখা ১৭৫ লিটার তেল জব্দ করা হয়।
পরে জব্দ তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিক্রি করা হয়। এতে প্রাপ্ত ২১ হাজার ৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নবায়ন, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, উপস্থিত ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় না করে নাগরিক দায়িত্ব পালনে সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



