ফেনী অফিস
ফেনীতে ধর্ষণ মামলায় ফাঁসানো মসজিদের সেই ইমাম ও মক্তবের শিক্ষক মোজাফফর আহমদ জুবায়েরের চাকরি ফিরিয়ে দেয়া, আর্থিক ক্ষতিপূরণ ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক) তারেক রেজা এই দাবি জানান ।
এসময় মোজাফফরের ঋণ পরিশোধ ও পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।
তারেক রেজা বলেন,“মসজিদের ইমাম মোজাফফর সাহেবকে যেভাবে ফাঁসানো হয়েছে এবং এমনভাবে ফাঁসানো হয়েছে যে ওই সময় তার পাশে কেউ ছিল না। তিনি কারাগারে ছিলেন। তার সামাজিকভাবে সম্মানহানি হয়েছে এবং তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা তার চাকরি ফেরত দেয়ার জন্য দাবি জানাই এবং রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ চাই। রাষ্ট্র যেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে।”
তিনি আরো বলেন,“ আলেম বা ইমামদের প্রতি বিদ্বেষ থেকে তার প্রতি অবিচার করা হয়েছে। আমরা চাই সামনে এমন যেন না হয়। এখানে যারা ষড়যন্ত্র করছে তাদের যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, আমরা সে দাবিও জানাই।”
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত। নিজের ওপর হওয়া নির্যাতনের ঘটনার বর্ণনা করেন ভুক্তভোগী ইমাম মোজাফফর আহমেদ জুবায়ের। এসময় দলটির জেলা শাখার মূখ্য সংগঠক সূজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্য সচিব সিয়াম উদ্দিন, যুব শক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহ্বায়ক পারভেজ আহমেদ এবং ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আরমান হোসেন রাফি উপস্থিত ছিলেন।



