ফেনীর দাগনভূঞায় সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে ২৮ জন কৃতি শিক্ষার্থী ও ৫৮ জন গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে পৌর শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মো: আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু ইউসুফ।
এছাড়া সেক্রেটারি খুরশিদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফেনী ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, দাগনভূঞা বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল মেনন, জমিলা খাতুন আলিম মাদরাসার দাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেন, তালতলী দারুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি কামরুল হাসান বিন কাসেম, জমিলা খাতুন আলিম মাদরাসার সভাপতি তারেক মাহমুদ এবং একই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কামরুল আহছান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদক ও জুয়ার বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই ব্যাধি থেকে তরুণদের রক্ষা করতে হলে তাদের সঠিক দিশা দেখাতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠান শেষে শিক্ষার মানোন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন গুণীজন ও ২৮ জন কৃতি শিক্ষার্থীসহ মোট ৮৬ জনের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেয়া হয়।



