মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ঘাতক ‘বাউফল ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে ‘বাউফল ট্রাভেলস’র একটি দ্রুতগামী বাস এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মহাসড়ক ছেড়ে বাসটি ডাসার উপজেলার বাঁশতলা এলাকা দিয়ে অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। জনতা বাসটির গতিবিধি লক্ষ করে সেটিকে গতিরোধ করে আটক করে। অবস্থা বেগতিক দেখে বাসের ড্রাইভার ও হেলপার বাসটি রেখেই কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ডাসার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি জব্দ করে।
ডাসার থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক চালক ও সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।



