জুলাই-আগস্টের ঘটনায় হত্যা মামলার আসামি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-উর-রশিদকে গ্রেফতার করতে গেলে পুলিশের এসআই ইসরাফিল হোসেনকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন ওই নেতার ছেলে প্রনয় (২৫)। পরে ঘটনায় পুলিশ হারুন ও তার ছেলেকে আটক করে।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে শহরের থানাপাড়া ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেফতারের উদ্দেশে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। পরে বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে জখম করেন। এ সময় তার সহযোগী পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কুষ্টিয়া ডিবি ওসি মুরাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। হারুন অর রশিদ কুষ্টিয়া চেম্বারের সাবেক সহ-সভাপতি। তিনি চেম্বারের সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউলের আস্থাভাজন হওয়ায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।
তিনি আরো জানান, হারুন সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের কাছের লোক ছিলেন। জুলাই আন্দোলনে থানাপাড়া এলাকায় ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। আজ তাকে গ্রেফতার করতে গেলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।



