কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও চাল জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দেওয়ানের খামার এলাকার একটি ভাড়া বাসা থেকে এসব জব্দ করা হয়।
পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরাকারবারি চক্র উপজেলার দেওয়ানের খামার এলাকার আজাদ আলী মন্ডলের বাসা ভাড়া নিয়ে সেখানে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল মজুদ করে চোরাকারবারী কার্যক্রম চালাচ্ছিল। চক্রটি ভূরুঙ্গামারীর ভোটহাট ও নাগেশ্বরীর কচাকাটা থানার মাদারগঞ্জ এবং নারায়ণপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী এবং প্রায় ৩০০ কেজি ভারতীয় বাসুমতি চাল জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘ঈদ উল আযহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেট সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের অপতৎপরতা রোধে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন এলাকায় নিয়মিত সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা। চোরাকারবারের সাথে যুক্ত সকলের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।’



