আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা–বেনাপোল) আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা ও দলীয় নির্বাচনী ইশতেহার তুলে ধরতে শার্শা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান।
শনিবার দুপুরে (৭ ফেব্রুয়ারি) শার্শা উপজেলার নাভারনে হক কমিউনিটি সেন্টারে তিনি নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
তিনি দল-মত ও শ্রেণি নির্বিশেষে শার্শার সব মানুষের মধ্যে সততা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চান। ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, প্রতিহিংসা, হয়রানি ও মিথ্যা মামলা-মুক্ত করে সব ধর্ম ও শ্রেণির মানুষের জন্য শার্শাকে নিরাপদ জনপদে পরিণত করা হবে। পাশাপাশি খাল, বিল ও বাওড় দখলমুক্ত করে খনন ও সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা হাতে নেয়া হবে।
বেনাপোল বন্দরকে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সোপান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।



