শিবচরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রোববার (৩১ মে) বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াত নেতা হাফেজ আহসানুল করিমের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar

ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের শিবচরে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৩১ মে) বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াত নেতা হাফেজ আহসানুল করিমের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার হোসাইন মৃধার সভাপতিত্বে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৈয়দ জিয়াউল হক ও শরীয়তপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল বাশার আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মাদারীপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. মোখলেছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, কোরবানি আত্মত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হজরত ইবরাহিম (আ.)-এর কোরবানির আদর্শ মানুষের জন্য ত্যাগের অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শ অনুসরণ প্রয়োজন। ঈদ-পরবর্তী সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ এনায়েত হোসেন বলেন, পবিত্র কোরবানি মানুষের মধ্যে আত্মত্যাগের মানসিকতা সৃষ্টি করে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। তিনি কোরআনের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সারোয়ার হোসাইন মৃধা বলেন, ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এসব আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান শিকদার, সেক্রেটারি মো. ইউসুফ হাওলাদার, শিবচর উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন খান, পৌর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন খান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাঈনুল ইসলাম সিদ্দিকী, মাদারীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসাইন, শিবচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এনায়েত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আলোচনা সভা শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান ও তার দল। এছাড়া আব্দুল গনি বিদ্বান ও তার দলের পরিবেশিত নাটিকা দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।