সিলেট জেলার দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়েছেন তিনজন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমা উপজেলার খিদিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল।
আহতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউনে কর্মরত তিনজন শ্রমিক আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল জানান, সিলেট-সুনামগঞ্জ বাইপাস এলাকায় একটি গ্যাস সিলিন্ডার দোকানে সিলিন্ডার মজুদ করে রাখা ছিল। সেখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে আমাদের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের লোকজন খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: গোবিন্দ বিশ্বাস বলেন, ঘটনাটি সম্পর্কে তাদেরকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাধারণত অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের রোগী এলে প্রথমে ক্যাজুয়ালটি বা জেনারেল সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পর বার্ন ইউনিটে শিফট করা হয়।



