কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু, বস্ত্র প্রতিমন্ত্রীর শোক

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন শহীদ সরকার। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
নিহত ছাত্রদল নেতা শহীদ সরকার
নিহত ছাত্রদল নেতা শহীদ সরকার |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে শহীদ সরকার নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মাটিকাটা মাদরাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের (বড়বাড়ি) নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

নিহত শহীদ সরকার মাটিকাটা গ্রামের মো: রতন মিয়ার ছেলে। তিনি ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন শহীদ সরকার। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। ‎কিছুক্ষণ পর তার বড় ভাই জুবায়ের আহমেদ তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: সাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার রূহের মাগফিরাত কামনা করে শোকবার্তা দিচ্ছেন।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।