রাণীনগরে ভটভটি উল্টে নিহত ১

গৃহনির্মাণ শ্রমিকরা ভটভটি যোগে হরিশপুর থেকে রাণীনগর যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার কুনৌজ বাজারের একটু অদুরে পৌঁছালে হঠাৎ করেই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের নিচে গাছের সাথে ধাক্কা লাগে।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
রাণীনগর থানা
রাণীনগর থানা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় জামিনা বেগম (৩০) নামে এক গৃহনির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ভটভটিতে থাকা আরো সাতজন আহত হন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবি পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী এবং আহতরা ওই গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন হরিশপুর গ্রামের নয়ন হোসেন (৩২), একই গ্রামের তারেক রহমান (২৮), জাবেদ মিয়া (৩২), আল আমিন (৩০), আব্দুল লতিফ (২৮), পলাশ হোসেন (৩০) ও সজল হোসেন (৩০)।

এর মধ্যে পলাশ ও সজল হোসেন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্য পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু আহম্মেদ জানান, এ দিন সকালে গৃহনির্মাণ শ্রমিকরা ভটভটি যোগে হরিশপুর থেকে রাণীনগর যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার কুনৌজ বাজারের একটু অদুরে পৌঁছালে হঠাৎ করেই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের নিচে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এর মধ্যে জামিনা বেগমের মৃত্যু হয়।

রাণীনগর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেন জানান, ভটভটি উল্টে আহত মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে জামিনা বেগমসহ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে জামিনার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট জামিনার লাশ হস্তান্তর করা হয়েছে।