সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুতা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওয়াহিদ আলী (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দু’পক্ষের নারীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে এই ঘটনা ঘটে। ওয়াহিদ আলী একই গ্রামের মরহুম খুরশিদ আলী ছেলে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে এ নিয়ে হাবিব ও ইকবাল দু’জনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাত ১০টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, শিশুর জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেশী দু’পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



