ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার জামাত ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি

আবহাওয়া অনুকূলে থাকলে সকাল ৮টার দিকে জেলা ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে একই সময়ে জেলা কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান জামাত আদায় করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
কথা বলছেন খালেদ হোসেন মাহবুব এমপি
কথা বলছেন খালেদ হোসেন মাহবুব এমপি |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে এবার মোট এক হাজার ১৭৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মে) আবহাওয়া অনুকূলে থাকলে সকাল ৮টার দিকে জেলা ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে একই সময়ে জেলা কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান জামাত আদায় করা হবে।

মঙ্গলবার জেলা ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এসব তথ্য দেন।

তিনি বলেন, ‘জেলা ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ চলছে। আবহাওয়া ভালো থাকলে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ জামাতকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সড়ক মেরামতসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ঈদের পর কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে বাসিন্দাদের মধ্যে বিশেষ বর্জ্য সংগ্রহের ব্যাগ বিতরণ করা হচ্ছে। এতে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা সহজ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো: আবদুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বিটিজেএ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান লিমন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমসহ প্রশাসন, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।