বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার নীতি ছিল—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’। এ একদলীয় স্বৈরশাসনের হাত থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। তবে মানুষ আর কোনো নতুন জিম্মিদশায় বন্দি হতে চায় না। চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে চাইলে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।’
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন-সুন্নাহর বিধান চালু করতে পারলেই মানুষের প্রকৃত মুক্তি সম্ভব। তবেই এ দেশে ও মানুষের ব্যক্তি জীবনে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সামনে নির্বাচন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং একইসাথে অধিকার আদায়ের আন্দোলনও চালিয়ে যাব। দেশের মানুষ পিআর পদ্ধতির গুরুত্ব বুঝলেও অনেক রাজনৈতিক দল এখনো সেটি বুঝতে চায় না। এর মানে তারা পুরনো স্বৈরতান্ত্রিক নীতিই বজায় রাখতে চায়।’
তিনি আরো বলেন, ‘মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। এ ধরনের নেতৃত্বই সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গঠনের কাজ করে যাচ্ছে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী। জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি এবং রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।



