রংপুরে এনসিপির মশাল মিছিল

জুলাই বিপ্লবের নেতাদের হত্যা করতেই সাভারে ককটেল হামলা

তারা বলেন, জুলাই আন্দোলনের নেতাদের হত্যা করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করতেই এ হামলা হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দেশব্যাপী জুলাই পদযাত্রার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
সাভারে ককটেল হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করে এনসিপি
সাভারে ককটেল হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করে এনসিপি |নয়া দিগন্ত

জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাভারে জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রংপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। 

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় রংপুর জেলা ও মহানগর এনসিপির প্রতিবাদী মশাল মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তারা এ অভিযোগ করেন।

এর আগে নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে মশাল মিছিল শুরু করে এনসিপি নেতা-কর্মীরা। মিছিলটি নগর ভবন, কৈলাশ রঞ্জন স্কুল মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, সিনিয়র সদস্য সচিব আলমগীর নয়ন, সদর উপজেলার আহ্বায়ক স্বাধীন, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, জেলা ছাত্রশক্তির ভারপ্রাপ্ত আহ্বায়ক মারুফ আল-ইসলাম, যুবশক্তির সদস্য সচিব মোরশেদ আলম, মহানগর যুবশক্তির সংগঠন মোস্তাকিন বিল্লাহ সিয়াম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সমাবেশে হামলা করা হয়েছে। তার মানে হলো, সরকার হামলার বিষয়ে জানতো। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তারা বলেন, জুলাই আন্দোলনের নেতাদের হত্যা করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করতেই এ হামলা হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দেশব্যাপী জুলাই পদযাত্রার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।