ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে জাহিদুল হাওলাদার (৩০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল হাওলাদার উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রলিচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো বালুবোঝাই ট্রলি চালাচ্ছিলেন জাহিদুল। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর পেছনের দিকে দেন। এ সময় হঠাৎ করে ট্রলির পেছনের চাকা রাস্তার পাশে বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে চালক জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়েন। এ সময় বিদ্যালয়ের গেটের সাথে লেগে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



