বাগেরহাটের মোংলায় উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধ ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা কোস্ট গার্ড পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোর নামের মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সবুরের গোডাউনে ৭৮ ব্যারেলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন অপরিশোধিত এ তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিল সবুর।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শারমিন আক্তার সুমী, কোস্ট গার্ড, পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা।
ইউএনও শারমিন আক্তার বলেন, ‘গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দ তেল পুলিশকে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



