কুষ্টিয়া প্রতিনিধি
ভারতের বিরুদ্ধে সীমান্তে হত্যা এবং বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের প্রতিবাদে কুষ্টিয়ায় ১১-দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার আলী মহসিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, খেলাফত মজলিশের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ তালহা, বাংলাদেশ খেলাফত মজলিশের কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান, ইব্রাহিম খলিল এবং এবি পার্টির মুখ্য সমন্বয়ক মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সীমান্তে হত্যাকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, ভারতের এমন কর্মকাণ্ড দুই দেশের সুসম্পর্কের পরিপন্থী এবং বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার শামিল।
বক্তারা আরো বলেন, সীমান্তে হত্যা ও অনুপ্রবেশের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।



