মাদারীপুর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক এক মাদককারবারিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। তবে, ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ওই এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদককারবারি পারভেজ বেপারীকে আটক করে ডিবি। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানাজানি হলে মাদককারবারির সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পিছু হটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগীরা।
মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, ‘গোয়েন্দা পুলিশের দু’জন উপপরিদর্শকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পারভেজের কয়েক শ’ লোক জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পালিয়ে যায় পারভেজ। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পারভেজকে আসামি করে মাদক আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদককারবারি পারভেজকে ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।’


