খাগড়াছড়িতে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাবা-মা, ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিপি সাদিক কায়েম বলেন, ‘এ ধরনের একটি দিনের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। গত ১৬ বছর দেশের মানুষ আনন্দ থেকে বঞ্চিত ছিল। মানুষের যে মুক্তির লড়াই, তা আজ প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।’
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, যারা সংস্কারের পক্ষে, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করেছে।’
যারা দেড় বছর ধরে বিপ্লব-পরবর্তী আকাঙ্ক্ষার সাথে মিল রেখে কাজ করেছে, তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়ার আহ্বান জানান তিনি।
দেশের চার কোটি তরুণসহ প্রায় ১২ কোটি ভোটার এবার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন বলে তিনি আশা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা আগামীর বাংলাদেশে শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘গত ৫৫ বছর ধরে জনগণের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।’
তিনি ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন বলে জানান।



