চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিলের উদ্বোধন

এখানে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করা হয় ইফতারি। টাটকা ও স্বাস্থ্যসম্মত ইফতারি যাতে সবাই খেতে পারেন সেই চেষ্টা করা হয়। মূলত আমাদের এই আয়োজনে অনেক ধনাঢ্য ব্যক্তি সহায়তা করেন। তবে তারা নাম প্রকাশ করেন না। সবাই সওয়াবের উদ্দেশ্যে ইফতার আয়োজনে শরিক হন।

চট্টগ্রাম ব্যুরো
ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিল উদ্বোধন করা হয়েছে। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সা: আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা মুসল্লি পরিষদের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মুসল্লি পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ও আলহাজ জয়নাল আবেদীন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাবেক সেক্রেটারি আহমদ হোসাইন প্রমুখ।

চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে পবিত্র রমজান মাসে প্রতিদিন মাসব্যাপী বর্ণিল ও গণ-ইফতারের আয়োজন করা হয়। ২০০১ সাল থেকে চালু হওয়া এই ঐতিহ্যে প্রতিদিন ২ থেকে ৪ হাজার রোজাদার, ধনী-গরীব নির্বিশেষে একসাথে বসে ইফতার করেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত চলে এই মিলনমেলা। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। এটি চট্টগ্রামের অন্যতম প্রধান রমজানের ঐতিহ্য হিসেবে পরিচিত।

খতিবের ব্যক্তিগত সহকারী মুহাম্মদ হাছান মুরাদ জানান, এখানে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করা হয় ইফতারি। টাটকা ও স্বাস্থ্যসম্মত ইফতারি যাতে সবাই খেতে পারেন সেই চেষ্টা করা হয়। মূলত আমাদের এই আয়োজনে অনেক ধনাঢ্য ব্যক্তি সহায়তা করেন। তবে তারা নাম প্রকাশ করেন না। সবাই সওয়াবের উদ্দেশ্যে ইফতার আয়োজনে শরিক হন। দানশীল ব্যক্তিরা ইফতারসামগ্রী দিয়ে যান। আমরা মসজিদের পেছনে ১০ থেকে ১২ জন বাবুর্চি দিয়ে সেসব রান্না করে পরিবেশন করি। সবকিছুর সার্বিক তত্ত্বাবধান করেন মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী হুজুর।