জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির এবং সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে জামায়াত ও ১১-দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে নারীরা ঘরে ও বাইরে পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে চলাচল করতে পারবেন। রাস্তাঘাট, কর্মক্ষেত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বখাটেপনা ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন আমাদের সব সময়ের অগ্রাধিকার। ইসলাম নারীকে যে উচ্চ মর্যাদা দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে তা প্রতিষ্ঠা করা হবে। সম্পত্তিতে নারীর অধিকার এবং সামাজিক সম্মান রক্ষায় আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘প্রিয় বোনেরা, আপনারা শুধু ভোটার নন—আপনারা একেকজন সচেতন মা। আপনাদের একটি ভোট একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। ইনসাফপূর্ণ সমাজ গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের মূল্যবান সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।’
মাওলানা হাবিবুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর মাদরাসা মাঠে জাগ্রত নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ওই এলাকার কয়েক শতাধিক নারী উপস্থিত ছিলেন। তারা নারীদের নিরাপত্তাসহ প্রয়োজনীয় বিভিন্ন দাবি নিজ নিজ বক্তব্যে তুলে ধরেন।
তিনি আরো বলেন, নৈতিক অবক্ষয় আজ আমাদের সমাজকে গ্রাস করেছে। আমরা এমন এক নেতৃত্ব চাই, যারা আল্লাহকে ভয় করে। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ একটি দুর্নীতিমুক্ত, শান্তিময় ও বৈষম্যহীন সমাজ উপহার দেব, যেখানে প্রতিটি পরিবার সুখে-শান্তিতে বসবাস করবে। আগামী ১২ তারিখের নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের জন্য মানসম্মত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানো হবে। ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করতে কুটির শিল্প ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রতিটি এলাকায় উন্নত মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র নিশ্চিত করা হবে, যাতে কোনো মা চিকিৎসার অভাবে কষ্ট না পান। কর্মক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করা হবে, যেখানে নারীরা পর্দা ও শালীনতা বজায় রেখে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন।
জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোছাম্মত ফাইমা বেগমের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মো. আফজাল হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ।
এ ছাড়া বক্তব্য রাখেন জাগ্রত নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও রোটারিয়ান ফখরুল ইসলাম, বর্তমান সভাপতি মো. রেদওয়ান হোসেন সুজন, জাস্টিস ফর জুলাই ইউকের উপদেষ্টা আমিনুল ইসলাম মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন আলমগীর, বিশিষ্ট শিক্ষানুরাগী জিল্লুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নজমুল হোসেন হুদা, সেক্রেটারি সাকিবুল হোসেন জাহেদ, ২৭ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সুমন আহমদ চৌধুরী, শ্রমিক নেতা মনসুর হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি সৈয়দা সালমা, সহকারী সেক্রেটারি দিলারা খাতুন, জিল্লুর রহমান প্রমুখ।



