ইরাকে মিসাইল হামলায় হবি পাইক ওরফে মিয়া পাইক (৩৫) নামে মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে ইরাকে পাড়ি জমান হবি পাইক। সেখানে কর্মরত অবস্থায় সাম্প্রতিক মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হবি পাইক স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী মিতু আক্তার ও দুই মেয়ে আলিশা (১৪) ও হাবিবা (৮) বর্তমানে গভীর শোকাহত অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের মাঝে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।
নিহতের জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা যাপন করেন।


