শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে : সিসিক প্রশাসক

‘পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি |নয়া দিগন্ত

শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই শ্রমিকদের সমস্যার সমাধান হবে।’

শুক্রবার (১ মে) সকালে সিটি করপোরেশন কর্মচারী সংসদ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিসিক প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই মিলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করব।’

সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনারা সরকার ও সিটি করপোরেশনকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে নগরবাসীর জন্য একটি সুন্দর নগর উপহার দিতে পারব।’

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো: আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি করপোদরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা।