কালকিনিতে চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে জেলেদের বিক্ষোভ

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জেলেরা বিক্ষোভ করেছেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
কালকিনিতে চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে জেলেদের বিক্ষোভ
কালকিনিতে চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে জেলেদের বিক্ষোভ |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জেলেরা বিক্ষোভ করেছেন।

সোমবার (১১ মে) দুপুরে অর্ধশতাধিক জেলে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

বিক্ষোভকালে তারা অনিয়মের প্রতিবাদ জানিয়ে প্রকৃত কার্ডধারী জেলেদের মাঝে দ্রুত চাল বিতরণের দাবি জানান।

অভিযোগ রয়েছে, প্রকৃত জেলেদের বাদ দিয়ে চেয়ারম্যানের আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীদের নামে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এতে প্রকৃত ভুক্তভোগী জেলেরা চাল থেকে বঞ্চিত হয়েছেন।

বিক্ষোভে অংশ নেয়া জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, রেজাউল কবিরাজ, শহিদুল কবিরাজ ও ইয়াসিন হাওলাদার অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেয়ার কথা থাকলেও তারা চাল পাননি। অথচ যারা পেশাগতভাবে জেলে নন, এমন ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী জেলেরা বলেন, আমরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। মাছ ধরা বন্ধ থাকায় এখন পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, আমাদের প্রাপ্য চাল না দিয়ে চেয়ারম্যানের লোকজনকে দেয়া হয়েছে।

তবে অভিযুক্ত চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, স্বজনপ্রীতির কোনো ঘটনা ঘটেনি। প্রকৃত জেলেরাই চাল পেয়েছে।

এ বিষয়ে কালকিনি উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, কার্ডধারী জেলেরা চাল পায়নি এমন অভিযোগ আমার জানা নেই।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। যদি অনিয়মের সত্যতা পাওয়া যায় তাহলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রকৃত কার্ডধারী জেলেরা যাতে তাদের প্রাপ্য সুবিধা পান, তা নিশ্চিত করা হবে।