জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের হোসেনপুরের নদীতে পড়ে কবীর খাঁ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার হাজিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবীর উপজেলার চর হাজিপুর গ্রামের খাঁ বাড়ির মরহুম হাবিবুর খাঁনের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাজিপুর কাচারী বাজার থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের নদীর পাড়ের রাস্তায় হঠাৎ গরুটি লাফ দিয়ে নদীতে পড়ে যায়। এ সময় গরুর দড়ির টানে একইসাথে নদীতে পড়ে যান কবির। পরে গরুটি তীরে উঠে এলেও কবীরকে খুঁজে পাওয়া যায়নি। রাতে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে কাছের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।



