রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) এক চাঁদা কালেক্টরসহ তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। অভিযানে সংগঠনটির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনী পাল্টা গুলি চালালে সুইথোয়াই মারমা (৩৫) গুলিবিদ্ধ হন। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযানে গুলিবিদ্ধ সুইথোয়াই মারমাসহ ইউপিডিএফের (প্রসীত) চাঁদা কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমা ও রাজু মারমা ওরফে সাচিংকে আটক করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রামগড় থানায় মামলার প্রস্তুতি চলছে।



