সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার বিছানাকান্দি জলপ্রপাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম শান্ত বণিক। তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং বন্ধুদের সাথে সিলেটে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, নিখোঁজ শান্ত বণিকসহ ১১ জন বন্ধু একসাথে সিলেটে ঘুরতে এসেছিলেন। শুক্রবার বিকেলে বিছানাকান্দি গিয়ে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন তারা। কিন্তু বৃষ্টির কারণে উজান থেকে ঢল নামায় স্রোতের টানে শান্ত বণিক নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে সেখানে অবস্থান করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।



