নওগাঁর পোরশায় প্রায় ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষ্ণুমূর্তিটি নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের রাশিদুল ইসলামের পারিবারিক কবরস্থানের পাশ থেকে উদ্ধার করা হয়। মূর্তিটি সেখানে সরিষা খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় ছিল।
পুলিশ স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে পরীক্ষা করে ধারণা করছে, এটি একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বিষ্ণুমূর্তি হলেও এতে দুইজন নারী-পুরুষ রয়েছে। এটি অসৎ উদ্দেশ্যে বিক্রির জন্য কেউ রেখেছিল বলে তাদের ধারণা। তবে তদন্ত চলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, মূর্তিটির ওজন ১৩৭ কেজি। এটি প্রকৃতপক্ষে কষ্টিপাথরের তৈরি কি-না, তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। তবে আপাতত থানার মালখানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায়ার মাধ্যমে এটি প্রত্নতাত্ত্বিক অধিদফতরে পাঠানো হবে।



