খুমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে ব্যক্তির মৃত্যু

ওই ব্যক্তি হেঁটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Khulna
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল |সংগৃহীত

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। তবে তার পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় ওই ব্যক্তি হঠাৎ পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজের টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামের দুই ব্যক্তি কীটনাশক পান করা অবস্থায় উদ্ধার করেন। এরপর রাত ১টা ৫৮ মিনিটে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটের (১৯-২০) ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়। হাসপাতালের রেজিস্ট্রারে তার পরিচয় অজ্ঞাতনামা ও বয়স ৪৮ বছর উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে ওই ব্যক্তি হেঁটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মিজানুর রহমান বলেন, সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরিচয় শনাক্ত করলে পরিবারের সাথে যোগাযোগ করা হবে।

সূত্র : বাসস