পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাসাটির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদকে গ্রেফতার করা যায়নি।
শুক্রবার (১ মে) বিকালে মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আরামবাগে মোহাম্মদ সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান পরিচালনা করে এ গাঁজা উদ্ধার করা হয়।
সাজিদুর রহমান মজিদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আরামবাগে মাওলানা নাসিরের ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের রুমে অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঠবাড়িয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে আজ বিকেলে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামি এখনো পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



