ময়মনসিংহ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুলতান মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খাগডর ইউনিয়নের তারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান মিয়া ওই গ্রামের মরহুম তৈয়ব আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রি করা একটি জমি নিয়ে সুলতান মিয়ার সাথে একই গোষ্ঠীর চাচাতো ভাই মিরাজ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্ত মিরাজ আলী ওই জমির মালিকানা দাবি করে বিক্রিতে বাধা দেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনার দিন সন্ধ্যায় জমি নিয়ে আবারো কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে মিরাজ আলী ও তার ছেলেরা সুলতান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



