ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি কোনো ধরনের প্রাণঘাতী (লেথাল ওয়েপন) অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বগুড়া মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আরিফুল ইসলাম মাসুম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ দুই জেলা—বগুড়া ও নওগাঁর ১৬টি উপজেলায় ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি ৯ প্লাটুন নওগাঁ জেলার সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত রয়েছেন।’
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’



