মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে পুলিশে উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে মুরাদনগর থানার উদ্যোগে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা বলেন, মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে মাদক কারবারি বা মাদকসেবীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা গোপন না করে দ্রুত মুরাদনগর থানার পুলিশকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরীর পরিচালনায় সমাবেশে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন মিয়া, উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জিসাস) আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



