সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ১৬৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজারে ২০ জন। এছাড়া বিভাগের বাইরে থেকে আসা আরো পাঁচজন রোগী সিলেটে চিকিৎসা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া তিনজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতাল ও হরিগঞ্জ সদর হাসপাতালে একজন করে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে এক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিলেট জেলার ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডেঙ্গুরোগী শনাক্ত অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।



