চুয়াডাঙ্গায় ইসলামী ব্যাংকের প্রধান শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ব্যাংকের তৃতীয় তলার রেমিট্যান্স লাউঞ্জে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন স্তরের আলেম ওলামা, মসজিদের খতিব, ইমামগণ অংশ নেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এফএভিপি অ্যান্ড ম্যানেজার অপারেশন্স মো: বশিরুল আলম। এরপর ওলামাগণের মধ্য থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা ওলামা পরিষদের সভাপতি এবং বড় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জুনায়েদ আল হাবিবী এবং চুয়াডাঙ্গা ওলামা বিভাগের সভাপতি হাফেজ আব্দুস শুকুর মালিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মো: রুহুল আমিন। তিনি বর্তমান প্রেক্ষাপটে সুদের ভয়াবহতা তুলে ধরে ইসলামী অনুশাসন পালনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুদভিত্তিক অর্থনীতির বিপরীতে ইসলামী অর্থনীতিকে শক্তিশালী করার জন্য উপস্থিত ইমাম মাশায়েখদের প্রতি আহ্বান জানান এবং তাদের ভূমিকা ও করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সমাপনী বক্তব্যে এভিপি ও শাখা প্রধান মো: জাহাঙ্গীর আলম ইসলামী বাংকের বর্তমান অবস্থান, শরীয়াহ প্রতিপালনে ব্যাংকের কর্মনীতি, দেশের আর্থসামাজিক উন্নয়নে ইসলামী বাংকের ভূমিকা উপস্থাপন করেন এবং আমন্ত্রিত ওলামাদের বিভিন্ন প্রশ্নের জবাব তুলে ধরে ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে তাদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিশেষে সকলের সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।



